বাবরি মসজিদ মামলার রায় আমাদের পক্ষেই যাবে : আরশাদ মাদানি

বাবরি মসজিদ মামলার রায় আমাদের পক্ষেই যাবে : আরশাদ মাদানি

আন্তর্জাতিক ডেস্ক :

ধর্মীয় বিশ্বাস নয়, তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করেই বাবরি মসজিদ মামলার রায় হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জমিয়তে উলেমায়ে হিন্দের প্রধান আরশাদ মাদানি। শান্তি ও সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়ে বুধবার তিনি বলেছেন, ‘দেশ আমাদের, আইন আমাদের এবং সুপ্রিম কোর্ট আমাদের। আমরা প্রমাণ দিয়েছি। রায় যাই হোক না কেন, আমরা তাকে সম্মান জানাব।’

আরশাদ মাদানিকে উদ্ধৃত করে পিটিআই বলেছে, ‘প্রত্যেক বিচার-প্রেমী মানুষই চান কঠোর তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করেই মামলার রায় দেওয়া হোক, কোনো ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে নয়।’

তিনি বলেন, ‘আদালতের যুক্তি-তর্ক শেষ হয়েছে। এখন আমরা রায়ের অপেক্ষা করছি। আমাদের আইনজীবী রাজীব ধাওয়ান তথ্যের ওপর ভিত্তি করে খুবই জোর যুক্তি-তর্ক তুলে ধরেছেন। আমাদের বিশ্বাস, রায় আমাদের পক্ষেই যাবে।’

একদিন আগে দিল্লিতে মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ-আরএসএস প্রতিনিধিরা। এতে রায় ঘিরে পরিস্থিতি শান্ত রাখার ওপর জোর দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বরের মধ্যে বাবরি মসজিদের রায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, ওই দিন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর মেয়াদ শেষ হবে।

আগের সংবাদরবিউল আওয়াল উপলক্ষে অমুসলিমদের জন্য খুলে দেয়া হয়েছে আমেরিকার একটি মসজিদ
পরবর্তি সংবাদচীনে উইঘুর মুসলিম নারীদের ওপর সরকারি কর্মকর্তাদের ভয়াবহ যৌন নিপীড়ন