
ফাতেহ ডেস্ক
বর্ষীয়ান আলেমেদ্বীন, আলোকিত মানুষ গড়ার কারিগর, প্রখ্যাত বুজুর্গ, চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি মারকাজ জামেয়া ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসার শায়খুল হাদীস , আল্লামা ইউনুস সাহেব রহ. আজ দুপুর ২টার দিকে বাবুনগর মাদ্রাসায় ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হজরতের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মুফতী ফয়জুল্লাহ বলেন, আমার জানামতে হযরত ইউনুস সাহেব রহ. অনেক গুণে গুণান্বিত ছিলেন। সুন্নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছিল তাঁর জীবনের আলোকিত দিক। তাঁর প্রতিটি কাজে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ছিল চোখে পড়ার মতো।
আমরা যা হারালাম তার শূন্যস্থান পূরণ হবার নয়। আল্লাহভীরু, মুখলিস এই আলেমের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তাঁর ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
দেশবরেণ্যে বিখ্যাত এই আলেমের জন্য আমরা মহান আল্লাহর শাহী দরবারে বিনম্র ফরিয়াদ করছি, আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস আলেম বান্দাহকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।
উল্লেখ্য, আজ রাত ৯:৩০ (সাড়ে নয়টায়) বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে হযরত মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
