
ফাতেহ ডেস্ক :
জার্মানির বার্লিনে ‘হাউজ অফ ওয়ান’ নামে একটি ভবন প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে, যেখানে এক ছাদের নীচে ইসলাম, খ্রিষ্টান ও ইহুদিদের উপাসনার জন্য আলাদা অংশ বরাদ্দ থাকবে। এতে তিন ধর্মের অনুসারীরা একসঙ্গে মিলিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে পারবেন। খবর ডয়েচে ভেলে।
প্রোটেস্ট্যান্ট যাজক গ্রেগর হোব্যার্গ, রাব্বি টোফিয়া বেন-চোরিন ও ইমাম কাদির সানচির যৌথ উদ্যোগে পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে। বার্লিনের যে স্থানে ভবনটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে সেখানে আগে ছিল একটি গির্জা। শীতল যুদ্ধের সময় সেটি ধ্বংস হয়ে যায়৷ তারপর থেকে জায়গাটি খালি পড়ে আছে।
প্রকল্পের শুরুতে কোনো মুসলিম সম্প্রদায় এর সঙ্গে জড়িত হতে আগ্রহী ছিল না। পরে ‘ফোরাম ফর ইনটেলেকচুয়াল ডায়ালগ’ নামের তুর্কিভাষী সুন্নি মুসলিমদের একটি সংগঠন এর সঙ্গে যুক্ত হয়।
ভবনটি তৈরি করতে ৪৩ মিলিয়ন ইউরো প্রয়োজন। ক্রাউডফান্ডিং-এর মাধ্যমে সেই টাকা তোলার প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত ১ মিলিয়ন ইউরো সংগ্রহ করা গেছে।
