
ফাতেহ ডেস্ক
দেশের অন্যতম বড় দল বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দুটি মুখ যুক্ত হয়েছে। দলের ভাইস চেয়ারম্যান থেকে পদোন্নতি পেয়ে শূন্যপদে নিয়োগ পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু ও বেগম সেলিনা রহমান।
আজ বুধবার দুপুর ১২টায় রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের নাম ঘোষণা করেন।
২০১৬ সালে বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিলের পর ১৯ সদস্যের স্থায়ী কমিটির মধ্যে ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছিল। বাকি দুটি পদ তখন থেকেই ফাঁকা ছিল। এবার পদ দুটিতে টুকু ও সেলিনাকে নিয়োগ দেয়া হলো।
যদিও ঘোষিত ১৭ সদস্যের মধ্যে তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ ও এমকে আনোয়ার মারা গেছেন। ফলে তাদের তিনটি পদ এখনও ফাঁকাই রয়ে গেছে। এ সব পদ কবে নাগাদ পূরণ করা হবে, এ ব্যাপারে জানতে চাইলে বিষয়টি সময়ের ওপর ছেড়ে দেন রিজভী।
২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলের পর গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করে বিএনপি। তিন বছরের জন্য গঠিত এই কমিটিই পরবর্তী কমিটি দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
