বিএসএফের তাড়া খেয়ে স্ত্রী ভারতে, কোলের শিশু নিয়ে স্বামী আটক বিজিবির হাতে

বিএসএফের তাড়া খেয়ে স্ত্রী ভারতে, কোলের শিশু নিয়ে স্বামী আটক বিজিবির হাতে

ফাতেহ ডেস্ক :

এক বছর দশ মাস বয়সের শিশু রাবেয় জন্মের পরপরই বাবা শরিফুল মোল্লার সঙ্গে মায়ের কোলে চড়ে পাড়ি জমিয়েছিল ভারতে। সেই থেকেই বাবা-মায়ের সঙ্গে ভারতের মুম্বাইয়ে থাকতো সে। শনিবার (২৩ নভেম্বর) কাঁটাতারবিহীন মাটিলা সীমান্ত পার হয়ে বাবা শরিফুল মোল্লার সঙ্গে রাবেয়া বাংলাদেশে ঢুকতে পারলেও বিএসএফ’র তাড়া খেয়ে মা ভারতে থেকে গেছেন। এরপর বাবার কোলে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৮ বিজিবি’র হাতে আটক হয়।

বিকেলে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয় তাদের। বিজিবির গাড়িতে চড়ে অন্যদের সঙ্গে মহেশপুর থানায় আসার পর বেশ প্রাণবন্ত ও হাসিখুশি দেখা যায় শিশু রাবেয়াকে। বিপদে থেকেও থানা চত্ত্বর মাতিয়ে রাখে রাবেয়ার হাসিমাখা মুখ। তবে এখনও শিশুটি জানে না তার মা এদেশে নেই। আদৌ তার মা ফিরতে পারবে কি না সেটাও জানে না অবুঝ রাবেয়া। এদিন তাদের সঙ্গে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক হয় আরো ছয় শিশুসহ ৩০ নারী-পরুষ। শিশু রাবেয়াদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার সাতরাখালি গ্রামে। প্রায় ১৮ মাস আগে তারা পাসপোর্টবিহীন অবস্থায় ভারতে গিয়েছিল কাজের জন্য। এমনটাই জানালেন রাবেয়ার বাবা।

রাবেয়ার বাবা শরিফুল মোল্লা বিজিবিকে জানান, ভারতে গিয়েছিলাম কাজের জন্য। সেখানে বোম্বে হোটেলে কাজ করতাম আমি ও স্ত্রী। বেশ কিছুদিন হলো আমাদের কাজের টাকা দেয় না মালিক। নানাভাবে মালিক নির্যাতন করতো। পাশাপাশি বিজেপি’র রাজনৈতিক লোকজন এসে ভয় দেখাতো। মালিকরাও বলতো এদেশের নাগরিক না, তোমরা বাংলাদেশে চলে যাও। এজন্য ভয়ে, টাকা পয়সা না পেয়ে আমরা বিনা পাসপোর্টে চলে এসেছি। কিন্তু আমার স্ত্রী আসতে পারেনি। জানি না সে কবে আসবে, নাকি আদৌ আসবে না। এমন আর্তনাদ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী মানুষের।

এদিকে সীমান্ত পার হয়ে আসা অধিকাংশেরই নেই বৈধ নাগরিকত্ব। তাদেরকে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলার পর আদালতে সোপর্দ করা হয়েছে। ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, সীমান্ত এলাকায় ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

আগের সংবাদনরসিংদীতে অচেতন অবস্থায় অজ্ঞাতনামা মাদরাসাছাত্র উদ্ধার
পরবর্তি সংবাদমৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান না দিতে মুক্তিযোদ্ধা কমান্ডারের আবেদন