ফাতেহ ডেস্কঃ
লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নির্যাতনে ভারতীয় হাসপাতালে দেলওয়ার হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রামানিক বলেন, গত ২০ জানুয়ারি রাতে দুর্গাপুর সীমান্তে ৯২৪নং পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন দেলওয়ার হোসেন। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) টহল দল তাকে আটক করে নির্যাতন করে ভারতীয় পুলিশে সোপর্দ করে। সেখানে ভারতীয় কারাগার থেকে তাকে কুচবিহার হাসপাতালে নিলে চিকিৎসাধিন অবস্থায় গত মঙ্গলবার তিনি মারা যান।
লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম বলেন, ‘৪ ফেব্রুয়ারি দেলওয়ারের মৃত্যু হয়েছে বলে বিএসএফ টেলিফোনে জানিয়েছে। তবে কী কারণে তার মৃ্ত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। লাশ হস্তান্তরের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।”
মরদেহ হস্তান্তরের পর মর্গের রিপোর্টে নির্যাতনের চিহ্ন পাওয়া গেলে প্রতিবাদ জানানো হবে বলেও জানান তিনি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই পরিবার বুধবার থানায় নিখোঁজ জিডি করেছেন। তার মৃত্যুর খবর শুনেছি। তবে মরদেহ ফেরতের কোন চিঠি পাওয়া যায়নি।
