
আন্তর্জাতিক ডেস্ক :
সরকারবিরোধী বিক্ষোভের খবর প্রকাশ করার কারণে ইরাকে সৌদির দুই টিভি চ্যানেলের কার্যক্রম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আল হাদাথ এবং আল অ্যারাবিয়া টিভি চ্যানেল এখন থেকে ইরাকে তাদের কার্যক্রম চালাতে পারবে না বলে জানানো হয়েছে।
আল হাদাথ টেলিভিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, ইরাকে কোনো ধরনের সংবাদ প্রচার বা সংগ্রহের কাজ না করতে সৌদির দুই টিভি চ্যানেলকে নির্দেশ দিয়েছে ইরাকি পুলিশ।
আল হাদাথের তরফ থেকে আরও জানানো হয়েছে যে, ইরাকে তাদের লাইসেন্স না থাকায় সেখানে তাদের এবং আল অ্যারাবিয়ার সব ধরনের কার্যক্রম বাতিল করা হয়েছে। গত শুক্রবার ইরাকে সরকারবিরোধী বিক্ষোভের খবর প্রকাশ করেছে ওই দুই টিভি চ্যানেল। তারপরেই ইরাকের তরফ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।
