ফাতেহ ডেস্ক:
গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া তাহাফফুজে খতমে নবুওত মাদরাসায় ছাত্রদের ওপর কাদিয়ানিদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং বিভিন্ন মঞ্চে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তিকারীদের শাস্তি দাবিতে আজ বুধবার চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
মানববন্ধন শেষে প্রশাসন বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহি-সহ হেফাজতের স্থানীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তাওহীদি জনতা।
মাওলানা মঈনুদ্দীন রুহী তাঁর বক্তব্যে বলেন, আল্লামা শাহ আহমদ শফী সর্বজন শ্রদ্ধেয় একজন বুজুর্গ ব্যক্তিত্ব। বাংলাদেশের ওলামায়ে কেরামের মাতার তাজ। তাঁকে নিয়ে মাহবুবুল হক আল কাদেরী নামক এক ভণ্ড কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসনকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি আগামীতে এরকম কটূক্তি আর কেউ যাতে করতে না পারে, সেদিকেও প্রশাসনকে নজর দিতে হবে।
মাওলানা মঈনু্দ্দীন রুহী আরও বলেন, কাদিয়ানিদের সাহস দিনদিন বেড়েই চলেছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের উপর হামলা চালিয়েছে এরা। হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে অবিলম্বে, নয়তো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে এ দেশের তওহিদি জনতা।
তিনি বলেন, এ দেশের ওলামায়ে কেরামের প্রাণের দাবি, কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। সরকারকে এ দিকেও অতি সত্ত্বর দৃষ্টি আকর্ষণ করতে হবে।
