
ফাতেহ ডেস্ক
জিএম কাদেরকে সংসদে প্রধান বিরোধীদলীয় উপনেতার পদ থেকে অপসারণ করে রওশন এরশাদকে দায়িত্ব দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। তবে পার্টির প্রেসিডিয়াম পদে বহাল থাকবেন জিএম কাদের।
আজ শনিবার জাতীয় পার্টির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সাংগাঠনিক নির্দেশ প্রকাশ করা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান স্বাক্ষরিত সেই বিবৃতিতে বলা হয়–জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধান বিরোধীদলীয় নেতা এবং পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান হিসাবে আমি প্রধান বিরোধীদলের উপনেতার পদ থেকে জিএম কাদেরকে অপসারণ করছি। এখন প্রধান বিরোধীদলের উপনেতার পদে বেগম রওশন এরশাদকে মনোনীত করা হলো।
বিবৃতিতে আরও বলা হয়–পার্টি গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংসদের মননীয় স্পিকারের সমীপে প্রস্তাব পেশ করা হলো।
গত রাতে জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে জানিয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দলের ফেসবুক পাতায়ও জি এম কাদেরকে অব্যাহতি দেয়া সংক্রান্ত এইচ এম এরশাদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গত ১৭ই জানুয়ারি এরশাদ তাঁর ছোটোভাই জি এম কাদেরকে কো-চেয়ারম্যান ঘোষণা করেছিলেন। রংপুরে এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন যে তাঁর অবর্তমানে দলের হাল ধরবেন কো-চেয়ারম্যান জি এম কাদের।
