ফাতেহ ডেস্ক:
রাজধানীর মুহাম্মদপুরে অবস্থিত আরবি ভাষা বিষয়ক বিশেষায়িত মাদরাসা মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ থেকে আরবি ভাষায় উচ্চতর ডিপ্লোমা অর্জনকারী ছাত্রদের সনদপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ১৩ ডিসেম্বর শুক্রবার মারকাযের হলরুমে মারকাযের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহিউদ্দীন ফারুকীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা মুহিউদ্দীন ফারুকী বলেন, আসুন আমরা সকলেই নিজেদের মাঝে শ্রদ্ধার সংস্কৃতির চর্চা করি। অন্যের প্রতি শ্রদ্ধাশীল হই। অশ্রদ্ধা প্রদর্শন থেকে নিজেদেরকে বিরত রাখতে সচেষ্ট হই। এর মাধ্যমে হাদীসের উপর আমল হবে। রাসূল স. হাদীসে বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে আরবী একটি মূলনীতি ‘মান ইয়াহতারিম ইউহতারাম’–যে সম্মান করে সে সম্মানিত হয়–এর ভিত্তিতে আপনিও শ্রদ্ধার পাত্র হবেন। সম্মানিত হবেন।
তিনি আরও বলেন, বর্তমানে আমরা সকলেই একে অপরকে প্রতিহত করা, ছোট করা, সমালোচনা করায় ব্যস্ত হয়ে পড়েছি। মারকাযুল লুগার ছাত্র হিসেবে আমি আপনাদেরকে এজাতীয় বিষয় থেকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সমালোচনা করার জন্য সমমানের ব্যক্তি বা প্রতিহত করার যোগ্যতা যার আছে সে ব্যক্তি সমালোচনার সার্বিক নিয়ম রক্ষা করে ইসলামের উপকার বা ফায়দার নিয়তে করতে পারেন। আপনাদের মধ্যেও কেউ নিজেকে আহলুর রাদ্দ ওয়ান নাক্বদ বা সমালোচনা ও প্রতিহত করার মতো যোগ্য মনে করলে করতে পারেন। তবে তালিবুল ইলম হিসেবে এখন তলবুল ইলমে এবং জ্ঞান অন্বেষণে সময় ব্যয় করাই উত্তম ও শ্রেষ্ঠ কাজ।
বিগত বছরের ছাত্রদের আরবী চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে শায়েখ ফারুকী বলেন, আপনারা এখন প্রত্যেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে যার যার বিশেষায়িত অধ্যয়নে ব্যস্ত। তবে আমি আপনাদের সকলকে বলবো, আপনারা সপ্তাহে একদিন হলেও আরবী ভাষার চর্চা অব্যাহত রাখুন। মাদরাসার নিয়ম রক্ষা কলে অন্যান্য ক্লাশের ছাত্রদের আরবী শিখতে সহযোগিতা করুন। আরবীতে অভিজ্ঞ হলে আপনি আপনার বিষয়গুলোকে, আপনার জ্ঞানকে সুন্দরভাবে ব্যক্ত করতে পারবেন। তখন আপনার খেদমত আরও ব্যাপক ও বৈশ্বিক পর্যায়ে উন্নিত হবে।
মারকাযুল লুগার সম্মানিত উসতায মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্টিফিকেটপ্রাপ্ত বিগত বছরের ছাত্ররা তাদের অনুভূতি প্রকাশ করেন। গত বছর আরবী শেখায় এ বছর হাদীস ও ফিকহের তথ্যগ্রন্থ এবং এসব বিষয়ে আধুনিক কিতাবাদি ও গবেষণা পড়তে অনেক উপকৃত হচ্ছেন বলে তারা মারকাযের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদেরকে সার্টিফিকেট এবং মাকতাবাতুল আযহারের সৌজন্যে মূল্যবান কিতাব হাদিয়া প্রদান করা হয়।
