
আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত উপত্যকায় নির্বাচন হলেও তাতে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
পিডিপি ভোটে জিতলেও মুখ্যমন্ত্রীর আসনে বসবেন না বলে সাফ জানিয়েছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।
শুক্রবার একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে মেহবুবা বলেন, উপত্যকায় নির্বাচনের আগে জনমানসে আস্থা ফিরিয়ে আনতে হবে আমাদের। যে আস্থায় ধাক্কা লেগে পুরোপুরি ধূলিস্যাৎ হয়ে গেছে। মানুষজন হতাশাগ্রস্ত, আগে তাদের কাছে পৌঁছনো জরুরি। নির্বাচন তো পিছিয়ে দেওয়া যেতেই পারে।
২০১৯ সালের ৫ অগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে তাকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে কেন্দ্রীয় সরকার। সে সময় থেকেই ওই মর্যাদা ফেরানোর দাবিতে সরব হয়েছেন মেহবুবাসহ উপত্যকার রাজনীতিকদের একাংশ।
