আন্তর্জাতিক ডেস্ক :
রাখাইনে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মিয়ানমারকে বয়কট করার ডাক দিয়েছে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। রাখাইনে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করার অভিযোগে আন্তর্জাতিক আদালতে শুনানির একদিন আগে বিশ্বব্যাপী এমন কর্মসূচি দিল মানবাধিকার সংগঠনগুলো। খবর রয়টার্স।
জার্মানভিত্তিক ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনস নামে একটি প্ল্যাটফর্ম ‘বয়কট মিয়ানমার ক্যাম্পেইন’ নামে এই কর্মসূচি ঘোষণা করে ।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ১০টি দেশের ৩০টি মানবাধিকার, শিক্ষাবিদ এবং পেশাজীবী সংগঠন নিয়ে তারা এই কর্মসূচি শুরু করেছেন। মিয়ানমার সরকার ও এর সেনাবাহিনীর বিরুদ্ধে অর্থনৈতিক, সাংস্কৃতিক, কূটনৈতিক ও রাজনৈতিক চাপ বৃদ্ধি করতে কাজ করে যাবেন তারা।
এই ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত রয়েছে রেস্টলেস বিংস, ফরসি ডট কো, ডেস্টিনেশন জাস্টিস, রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ অব ইন্ডিয়া, রোহিঙ্গা হিউম্যান রাইটস নেটওয়ার্ক অব কানাডা ও এশিয়া সেন্টারের মতো সংগঠনগুলো।
উল্লেখ্য, মঙ্গলবার নেদারল্যান্ডসে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তিনদিন ব্যাপী এই শুনানি শুরু হবে। এতে অংশ নেয়ার জন্য ইতিমধ্যে হেগে পৌঁছেছেন মিয়ানমারের উপদেষ্টা অং সান সু চি নেতৃত্বাধীন একটি দল।
