বুড়ীমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাতেহ ডেস্ক

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এরশাদুল হক (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এরশাদুল হক পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের এহসানুল হকের ছেলে।

রোববার ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়ীমারী সীমান্তের ৮৪০/৩ এস সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি ও এলাকাবাসী জানায়, রোববার ভোরে বুড়ীমারী সীমান্তের ৮৪০/৩ এস সাব পিলারের কাছে গরু পারাপারের কাজ করছিল এরশাদুল। এ সময় ভারতের চ্যাংড়াবান্ধা ৮৪০ বিএসএফ টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয় সে। গুলিবিদ্ধ অবস্থায় সে দৌড়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই সীমান্তে গরু পারাপার করতে গিয়ে বিএসএফের গুলিতে এরশাদুলের মৃত্যু হয়।

এ ব্যাপারে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

আরএইচ/

আগের সংবাদফের সৌদি আরবের আভা ও জিহান বিমানবন্দরে ড্রোন হামলা
পরবর্তি সংবাদ‘জনগণের উন্নত জীবনমান নিশ্চিত করাই আমার লক্ষ্য’