
ফাতেহ ডেস্ক
গত ৩০শে ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশটা বেদখল হয়ে গেছে মন্তব্য করে সেটাকে ‘দখলে’ নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদ-এর আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই দেশটা আমাদের সকলের দখলে ছিল। সেটা এখন বেদখল হয়ে গেছে। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে দেশটা বেদখল হয়েছে এটা দখলে নেব। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নেব। সংবিধানের মধ্যে থেকে শাসন করব। যে ঐক্যের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছিল সেই ঐক্যের ভিত্তিতে দেশ শাসন করব।
ড. কামাল হোসেন বলেন, বাংলার মাটি কোনদিন কোন স্বৈরাচারীকে মেনে নেয়নি। এখনো নেবে না। এ দেশের স্বাধীনতা এমনি আসেনি। যারা মানুষকে বঞ্চিত করে রাখতে চায়। তারা আমরা যারা বেঁচে আছি তাদের ঘোল খাওয়াতে পারে না। আজ এখানে তরুণ-প্রবীণ যারা এসেছেন, তারা আপনাদের বাড়িতে গিয়ে বলেন, আমরা সবাই গিয়ে এক জায়গায় বসি। আমরা সকলে মালিক হিসেবে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায় গিয়ে বলি জনগণ দেশের মালিক।
