
আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তান নিয়ন্ত্রিত বেলুচিস্তান প্রদেশে এক বোমা বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। শনিবার পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
সংবাদমাধ্যমটি জানায়, সেখানকার মূলধারার ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় দফতরের সামনেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও কোনও গোষ্ঠী হামলার দায়ভার স্বীকার করেনি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে দলটির সিনিয়র নেতা মাওলানা হানিফ রয়েছেন। আহতদের মধ্যে রয়েছে দুই শিশু। তিনি বলেন, মাওলানা হানিফকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। আহতদের সবাইকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছিলো বলে জানান কর্মকর্তারা। পরে গুরুতর আহতদের কোয়েটায় নিয়ে যাওয়া হয়।
