
ফাতেহ ডেস্ক
সরকার কিছুটা কড়াকড়ি ব্যবস্থা নেয়ায় দেশের ৪৪টি বেসরকারি মেডিক্যাল কলেজের ১৫০০ আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। এইসব খালি আসনে নামমাত্র খরচে ভর্তির প্রস্তাবেও মিলছেনা সাড়া। স্বাস্থ্যমন্ত্রণালয় বলছে, মেডিক্যাল শিক্ষায় মানের ঘাটতির কারণে শিক্ষার্থীরা যাচ্ছে না এসব বেসরকারি কলেজে।
মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ। সময় পার হয়ে গেলেও এখনো চলছে শিক্ষার্থী ভর্তি। তবে মেডিকেল কলেজে গিয়ে ভর্তির বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করে কর্তৃপক্ষ।
দেশের ৬৯টি প্রাইভেট মেডিকেলে আসন ৬ হাজার ২৩১। এরমধ্যে ২৫টি মেডিকেল কলেজ শতভাগ শিক্ষার্থী পেলেও ৪৪টিতে এখনো খালি ১৫০০ আসন।
নানা চেষ্টার পরও কোনো শিক্ষার্থী পায়নি গাজীপুরের নাইটিঙ্গেল মেডিকেল কলেজ। আইচি মেডিকেলে মাত্র দুইজন, মনোয়ারা শিকদারে সাত, বিক্রমপুর ভুইয়াতে আট, রংপুর নর্দানে দশ এবং রাজশাহীর শাহ মখদুম মেডিকেলে ভর্তি হয়েছে ১৫ শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষায় পাশের হার কম এবং প্রাইভেট মেডিকেলের প্রতি বিরূপ মনোভাবের কারণেই শিক্ষার্থী কম ভর্তি হয়েছে বলে দাবি কলেজ কর্তৃপক্ষের।
তবে স্বাস্থ্যমন্ত্রী মনে করেন, মান নিয়ে প্রশ্ন থাকার কারণেই শিক্ষার্থী পাচ্ছে না কলেজগুলো। মন্ত্রী জানান, বেসরকারি মেডিকেল কলেজের মান অনুযায়ী গ্রেড নির্ধারণে উদ্যোগ নিচ্ছে সরকার।
