আন্তর্জাতিক ডেস্ক :
বৈশ্বিক সফরের অংশ হিসেবে তুরস্ক পৌঁছেছেন ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। রবিবার হানিয়া সিরিজ সফরের প্রথম দিনে তুরস্ক পৌঁছান বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদলু।
বৈশ্বিক এই সফরের অংশ হিসেবে তুরস্ক ছাড়াও মালয়েশিয়া, রাশিয়া, কাতার, লেবানন, মৌরিতানিয়া এবং কুয়েত যাবেন হামাসের রাজনৈতিক প্রধান।
গত ২০১৭ সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হওয়ার পর এই প্রথম বিদেশে সফরে যাচ্ছেন হানিয়া। হামাসের একটি সূত্র শনিবার আনাদলু-কে জানায়, সাম্প্রতিক কায়রো সফরে হানিয়া বিদেশ সফরে মিশরের অনুমতি পেয়েছেন। মূলত অবরুদ্ধ গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনিরা বিদেশ সফরে মিশরের কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে থাকেন।
উল্লেখ্য, গাজায় অব্যাহত ইসরায়েলি অবরোধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিস্থাপন বাড়ার মধ্যেই বৈশ্বিক সফরে বের হলেন প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান।
