
ফাতেহ ডেস্ক
এলএনজি ও এলপিজি সরবরাহসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে ব্রুনাইয়ের সঙ্গে ছয়টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। পাশাপাশি কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিতে কূটনৈতিক নোট বিনিময় হয়েছে।
সোমবার ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই নেতার উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতাগুলো হয়েছে কৃষি, মৎস্য সম্পদ, প্রাণিসম্পদ, শিল্প ও সংস্কৃতি, যুব ও ক্রীড়া খাতের সহযোগিতা বৃদ্ধি এবং এলএনজি ও এলপিজি সরবরাহের লক্ষ্য নিয়ে।
এছাড়া, বলকিয়ার সরকারি বাসভবনে রাজ পরিবারের সদস্যদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাই ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বর্তমানে ১০ লাখ ডলারের মতো। বিশ্বের পঞ্চম ধনী এই দেশ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারে বলে আশা করছে সরকার।
