বড় বড় ভ্যাটদাতাদের অনলাইনে ভ্যাট দিতে হবে

ফাতেহ ডেস্ক:

বড় বড় ভ্যাটদাতাকে অনলাইনেই ভ্যাট পরিশোধ করতে হবে। আগামী জানুয়ারি মাস থেকে প্রতি মাসে এক কোটি টাকার বেশি ভ্যাট দেয় এমন বড় প্রতিষ্ঠানকে অটোমেটেড চালানের (এ চালান) মাধ্যমে ভ্যাট পরিশোধ করতে হবে।

শুল্ক বিভাগের পর এবার ভ্যাট বিভাগও অনলাইন পেমেন্ট ব্যবস্থা বাধ্যতামূলক করতে যাচ্ছে।

ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘যারা বড় অঙ্কের ভ্যাট দেয় তাদের সবারই অনলাইনে হিসাব-নিকাশ করার ব্যবস্থা বেশ আধুনিক এবং যথেষ্ট লোকবলও আছে। তাদের যাতে ভ্যাট অফিসে এসে ভ্যাটের রিটার্ন দিতে না হয়, সে জন্য অনলাইনে রিটার্ন ও ভ্যাট পরিশোধ বাধ্যতামূলক করা হচ্ছে। আমরা চাই, সবাই অনলাইনে রিটার্ন দিক। এতে সহজেই ঘরে বসেই ছোট ব্যবসায়ীরাও রিটার্ন দিতে পারবেন।’

বর্তমানে ভ্যাট অনলাইন প্রকল্পের আওতায় অনলাইনে ভ্যাট পরিশোধের সুযোগ আছে। কিন্তু তা বাধ্যতামূলক নয়। অনলাইনে ভ্যাট রিটার্ন দিতে হলে ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন) থাকতে হয়। গত বছরের জুলাই থেকে অনলাইনে ভ্যাট দেওয়ার ব্যবস্থা চালু আছে। বর্তমানে বিকাশ-রকেটের মতো মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ভ্যাট দেওয়া যায়। এ ছাড়া সোনালী ব্যাংকসহ ১১টি বেসরকারি ব্যাংকের গ্রাহক অনলাইনে ভ্যাট রিটার্ন দিতে পারেন।

আগের সংবাদএকদিনে আরও ২০৪ ডেঙ্গু রোগী হাসপাতালে
পরবর্তি সংবাদপাকিস্তান ও চীনের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ভারত