
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতীয় মুসলমানদের নিয়ে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির বিষোদগার যেন থামছেই না। গত বুধবার বিহারের পুর্নিয়ায় এক সভায় বিজেপির মন্ত্রী গিরিরাজ সিং বিষোদগার করে বলেন, ভারতের সব মুসলিমদেরই ১৯৪৭ সালে পাকিস্তান পাঠিয়ে দেয়া উচিত ছিল। সেটা না করায় আজ পূর্বসূরীদের সেই ‘ভুলের’ খেসারত দিতে হচ্ছে আমাদের।
নরেন্দ্র মোদির অত্যন্ত আস্থাভাজন এ নেতা আরও বলেন, আমাদের সময় এসেছে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার। ১৯৪৭ সালের আগে (মোহাম্মদ আলী) জিন্নাহ একটি মুসলিম রাষ্ট্রের চেষ্টা করেছিলেন। সেটা ছিল আমাদের পূর্বসূরীদের বড় ভুল, আজ আমরা সেই ভুলের মাসুল দিচ্ছি।
‘তখন যদি মুসলিমদের ওখানে (পাকিস্তান) পাঠানো এবং হিন্দুদের এখানে (ভারত) নিয়ে আসা হতো, তাহলে আজ আর এই পরিস্থিতিতে থাকতাম না। ভারতবাসী যদি এখানে আশ্রয় না পায় তো আর কোথায় যাবে?’
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতায় চলমান আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়েই এসব কথা বলেন এই বিজেপি নেতা।
এই আইনে ২০১৫ সালের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া অমুসলিমদের ভারতের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে।
গিরিরাজ সিং বলেন, ‘সিএএ বিরোধিতার নামে ভারতবিরোধী কর্মসূচি চলছে, পাকিস্তানের মতো ভাষায় কথা বলছে কংগ্রেস, জেডিইউ এবং কমিউনিস্টরা। সেই জন্যেই আমি বলছি যে দিল্লির শাহিনবাগে দাঁড়িয়ে শারজিল ইমাম যখন বলেন যে তিনি একটি ইসলামি রাষ্ট্র তৈরি করবেন এবং ভারতের গলা কেটে ফেলবেন, তখন এটা আর গণতান্ত্রিক আন্দোলন থাকে না, এটা খিলাফৎ আন্দোলনে পরিণত হয়।’ সূত্র: এনডিটিভি।
