
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতীয় মুসলিমদের নিয়ে শুধু পাকিস্তানই উদ্বিগ্ন নয় বরং বাংলাদেশও বেশ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। শুক্রবার সৌদি আরবের পার্লামেন্টারি প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। খবর ডন।
তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের সঙ্গে আমার কথা হয়েছে। তিনিও ভারতের বিহার রাজ্যের মুসলিমদের পরিণতি নিয়ে উদ্বিগ্ন। এ ছাড়া তিনি তার দেশে অভিবাসীদের ঢল নামতে পারে বলেও আতঙ্কিত।’
পাকিস্তানি প্রেসিডেন্টের প্রেস সচিব মিয়া জেহাঙ্গীর ইকবাল ডন’কে বলেছেন, ‘সম্প্রতি বাকু’তে এক সম্মেলনে শেখ হাসিনা ওয়াজেদের সঙ্গে আলোচনা হয়েছে ড. আলভির। সেখানে ভারতে নাগরিকত্ব আইন সংশোধন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাসিনা।’
পাকিস্তানের সরকারি এক বিবৃতি অনুযায়ী, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, ‘মুসলিম উম্মাহ যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে তাতে সব সময়ই সক্রিয় ভূমিকা পালন করে আসছে সৌদি আরব। ভারতের মুসলিমদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তা তিনি জেরালোভাবে তুলে ধরতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন।’
