ফাতেহ ডেস্ক :
বিএসএফ-বিজিবির মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
সীমান্তে বাংলাদেশি হত্যা বিষয়ক ওই প্রশ্নের জবাবে রীভা গাঙ্গুলি আরও বলেন, তারা (বিএসএফ-বিজিবি) নিজেদের মধ্যে কথাবার্তা বলে এগুলো, বছরে দুইবার তাদের বৈঠক হয়। ডিসেম্বরেও বিজিবির ডিজি (মহাপরিচালক) গিয়েছিলেন। এটি সমন্বয়ে তাদের একটি প্রক্রিয়া রয়েছে।
রেলপথের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা নিয়মিত এটি তদারকি করছি। আশা করছি যথাসময়ে প্রকল্পের কাজ শেষ হবে।
এ সময় হাইকমিশনারের ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব (রেলওয়ে উপদেষ্টা) আনিতা বারিক, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহামেদ নিজামী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে বাংলাদেশিদের নির্যাতন এবং নির্বিচার হত্যার ঘটনা প্রায় নিয়মিতই ঘটাচ্ছে। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনাও চলছে।
