ভারতের একটি কলেজে বোরকা নিষিদ্ধ, বোরকা খুলতে ছাত্রীদের ওপর চাপ প্রয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

বোরকা পরে আসায় ক্লাসে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের উত্তর প্রদেশের একটি কলেজের বিরুদ্ধে। ছাত্রীদেরকে বোরকা খুলে তারপর ক্লাসে প্রবেশের জন্য জোরাজুরি করা হয়েছে বলেও জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রীরা। উত্তর প্রদেশের ফিরোজাবাদ এলাকার এসআরকে কলেজে এমন ঘটনা ঘটেছে। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বোরকা পরে কলেজে আসা নিষিদ্ধ করা হয়েছে। কারণ বোরকা কলেজ ইউনিফর্ম-এর মধ্যে পড়ে না।

কলেজের অধ্যক্ষ প্রভাকর রাই বলেছেন, এটা কলেজের পুরনো নিয়ম। ইউনিফর্ম ও পরিচয়পত্রসহ কলেজে আসতে হবে। ভর্তি প্রক্রিয়া চলার সময় সব নিয়ম মানা হয় না। কিন্তু ভর্তি প্রক্রিয়া এখন শেষ হয়ে গেছে। তাই ১১ সেপ্টেম্বর থেকে কলেজ ইউনিফর্ম ও পরিচয়পত্রসহ আসতে হবে। বোরকা ইউনিফর্মের অন্তর্গত নয়।

কলেজ যে ইউনিফর্ম ঠিক করে দিয়েছে তা পরেই আসতে হবে শিক্ষার্থীদের। ওই কলেজের এক শিক্ষার্থী বলেন, বোরকা পরে আসায় আমাকে ঢুকতে দেওয়া হয়নি। জোর করে কলেজের বাইরে বের করে দেওয়া হয়েছে। আগেও অবশ্য এই কলেজে এ ধরনের ঘটনা ঘটেছে। বোরখা পরে আসায় ছাত্রীদের কলেজের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

জেলা প্রশাসক চন্দ্র বিজয় সিং পুরো বিষয়টি কলেজের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছেন। তিনি বলেন, এই ঘটনা শুনেছি। এটা পুরোপুরি কলেজের অভ্যন্তরীণ বিষয়। কিছু ছাত্রীকে কলেজের তরফ থেকে বলা হয়েছে সঠিক ইউনিফর্ম ও পরিচয়পত্র সহ প্রবেশ করার জন্য। তবে ছাত্রীদের দাবি, কলেজ কর্তৃপক্ষ বোরকা খুলে ফেলার জন্য চাপ দিয়েছে।

আগের সংবাদদেশে ফিরেছেন মোট ১ লাখ ৭ হাজার ৪২৯ জন হাজি
পরবর্তি সংবাদকী থাকছে আসামের নির্মিতব্য শরণার্থী শিবিরগুলোতে