
রতের প্রাচীনতম ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান মাজাহেরুল উলুম, সাহারানপুরের মহাপরিচালক মাওলানা সাইয়েদ শাহেদ আল-হাসানি ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন শায়খুল হাদিস মাওলানা জাকারিয়া কান্ধলভি রহ.-এর নাতি ও মাওলানা ইনামুল হাসান রহ.-এর জামাতা।
গত শুক্রবার (৬ অক্টোবর) আসরের পর নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরদিন ফজর নামাজের পর মাদরাসা প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুর আগে তিনি দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন।
মাওলানা সাইয়েদ শাহেদ আল-হাসানি রহ. ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। মাজাহেরুল উলুম মাদরাসায় তিনি প্রথম শ্রেণি থেকে দাওয়ারায়ে হাদিস পর্যন্ত পড়াশোনা করেন এবং ১৯৭০ সালে সেখানে শিক্ষকতা শুরু করেন।
১৯৯৩ সাল থেকে তিনি মাদারাসাটির ‘আমিন আম’ (মহাপরিচালক) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন অনন্য যোগ্যতার অধিকারী নিভৃতচারী একজন আলেম। মাজাহেরুল উলুম মাদরাসার উন্নতি ও অগ্রগতি এবং দ্বিনি ইলম বিস্তারে গ্রন্থ রচনা ও গবেষণায় তিনি সারা জীবন অতিবাহিত করেন। ভারতের বৃহত্তম মুসলিম সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ও জমিয়ত উলামা হিন্দের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে মুফতি মুহাম্মদ সালেহ ও মাওলানা ইয়াসির আল-হাসানি এবং তিন মেয়ের পিতা ছিলেন।
সাইয়েদ শাহেদ আল-হাসানির ইন্তেকালে ভারতের শীর্ষ আলেমরা গভীর শোক জানিয়েছেন। দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল ও জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, দারুল উলুম দেওবন্দের ভাইস প্রিন্সিপাল মাওলানা মুফতি আবুল কাসিম নোমানি, জমিয়ত উলামায়ে হিন্দের (অপর অংশের) সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানিসহ অসংখ্য আলেম, খ্যাতিমান ব্যক্তি তাঁর জন্য গভীর শোক জানান এবং তাঁর মাগফিরাত কামনা করেন। তাঁরা তাঁর মৃত্যুকে মাজাহের উলুমের একটি যুগের অবসান বলে অভিহিত করেন। সবাই তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানান এবং মহান আল্লাহর কাছে তাঁর জন্য ক্ষমা প্রার্থনা করেন।
মাওলানা সাইয়েদ শাহেদ আল-হাসানি রহ. কোরআন, হাদিস, দাওয়াত, তাসাউফসহ বিভিন্ন বিষয়ে গ্রন্থ রচনা করেছেন। তাহরিকে আজাদিয়ে হিন্দ, বুখারি শরিফ, মাকতুবাতে ইলমিয়্যাহ, হজরত জি সালেস কি ওয়াফাত আওর ফিতনুন বারসাত, আপবিতি খুদ নশত, আকাবির কে খুতুত, সাওয়ানেহে হজরত মাওলানা ইনআমুল হাসান, তারিখে মাশায়েখে চিশত, উলামায়ে মাজাহেরে সাহারানপুর, মাকতুবাতে তাসাউফ, মাকতুবাতে শায়খসহ তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে। গত বছর তাঁর আত্মজীবনীর প্রথম খণ্ড প্রকাশিত হয়।
সূত্র : মিল্লাত টাইমস
