আন্তর্জাতিক ডেস্ক:
সম্প্রতি ভারত সরকারের এক ঘোষণার পর গরুজাত পণ্য তৈরি ও ব্যবসায় আগ্রহী হয়েছেন অনেক ভারতীয় ব্যবসায়ী। মোদি সরকারের ঘোষণা ছিল, গরুজাত পণ্যের কোনো উদ্যোগ নিলে তাতে সরকার ৬০ শতাংশ পর্যন্ত ঋণ দেবে।
২০১২ সাল থেকেই গোবর দিয়ে নানা ধরনের পণ্য তৈরি করছেন কাওপ্যাথি নামের একটি প্রতিষ্ঠানের মালিক উমেশ সনি। ৩৬ বছর বয়সী মুম্বাইয়ের এই বাসিন্দা পেশায় একজন মাইক্রোবায়োলজিস্ট। সম্প্রতি তার প্রতিষ্ঠানের তৈরি গোবরের সাবান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গোবরের পণ্য তৈরির পর এবার গো-মূত্র নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন তিনি। সেখানে তিনি সফলও হয়েছেন। গরুর মূত্র প্রক্রিয়াজাত করে তা থেকে কফি তৈরি করে ‘সাড়া’ ফেলেছেন এই ব্যবসায়ী।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজকে তিনি জানান, গো-মূত্রের কফি এখনও সেভাবে বাজারজাত করা হয়নি। তবে এ কফিতে ধর্মপ্রাণ হিন্দুদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করেছি। শিগগির আমরা এটা ব্যাপকভাবে বাজারজাত করব।
