
ফাতেহ ডেস্ক
ভারতের ওডিশায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। স্থানীয় সময় সকাল নয়টার দিকে ঘন্টায় ২১০ কিলোমিটার বেগে পুরির কাছে আঘাত হানে। ফণীর প্রভাবে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হচ্ছে ওডিশায়। গাছ উপড়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তলিয়ে গেছে অনেক গ্রাম। বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে পুরো রাজ্য। ক্ষয়ক্ষতি এড়াতে সাময়িক ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
পূর্বাভাস বলছে, কয়েক ঘন্টার তাণ্ডবে ওডিশা রাজ্যের ১০ হাজার গ্রাম এবং ৫২টি শহর এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। এরই মধ্যে সাড়ে ১১ লাখ মানুষকে ৪ হাজার আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। ঝড়ের কারণে দেড় মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে।
ওডিশার পর পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে ফণী। অন্ধ্র প্রদেশ, ও পশ্চিমবঙ্গে উপকূলে ঝড়ো হাওয়ার তথ্য মিলেছে। ফণীর প্রভাবে ভারি বৃষ্টিপাতের পাশাপাশি বন্যা ও ভূমিধসের সতর্কতা দিয়েছে কর্তৃপক্ষ।
এরই মধ্যে ২২৩টি ট্রেন এবং ভুবনেশ্বর বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ রাত নয়টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে কলকাতার নেতাজি সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা।
