ফাতেহ ডেস্ক :
এনআরসির আতঙ্কে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ সম্পর্কে সরকারিভাবে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী একথা কথা বলেন।
তিনি বলেন, ‘আমি ঠিক বুঝি না এনআরসির (জাতীয় নাগরিকপঞ্জি) আতঙ্কটা ওদের হবে কেন? আর ভারত সরকার আমাদের বারবার অঙ্গীকার করেছে, ওয়াদা দিয়েছে এনআরসি অভ্যন্তরীণ বিষয়। এটা কোনোভাবেই বাংলাদেশের ওপর প্রভাব ফেলবে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কে আবদুল মোমেন বলেন, ‘পুশ ইনের কথা শুনছি মিডিয়া থেকে। আমরা ঠিক এখনো সরকারিভাবে জানি না। ইদানীং পত্রপত্রিকায় অনেক কিছু বের হয়। কিছু সত্য, কিছু মিথ্যা। আর কিছু একটু অতিরঞ্জিত। আমাদের এগুলো জানতে হবে। পুরোপুরি ইস্যুটা বুঝতে হবে। তখন আমি হয়তো এ সম্পর্কে আলোচনা করতে পারব।’
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক হয়েছে আরও ৯ নারী-পুরুষ। জলুলী ও পলিয়ানপুর সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের সদস্যরা তাদের আটক করে। পরে অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে মামলা দিয়ে আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। নিয়ে চলতি নভেম্বরে মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২৩৮ জনকে আটক করল বিজিবি।
