
ফাতেহ ডেস্ক :
ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেলেন ইসলামী আন্দোলনের নেতাগণ। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমানকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন ভিপি নুর।
তাকে কারা আক্রমণ করেছিলো এই প্রশ্নের জবাবে নুর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সুরঞ্জিত কুমার এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছে। কান্নার স্বরে নুর বলেন, ওরা আমাকে বাঁচতে দিবে না, আমাকে মেরে ফেলবে।’
আতাউর রহমান গাজি তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘তোমার বেঁচে থাকতে হবে। আরও অনেক কাজ বাকি আছে তোমার। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এখন তুমি প্রধান মুখপাত্র। পুরো দেশবাসী তোমার জন্য দোয়া করছে।’
প্রসঙ্গত, রবিবার দুপুর পৌনে ১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হককে তার কক্ষে ঢুকে আলো নিভিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। এই মঞ্চের অনেকেই ছাত্রলীগের নেতা-কর্মী। এ সময় নুরুলের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। তাদের মধ্যে গতকাল রাত পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন।
ঘটনার সময় হামলাকারীরা পরিষদের যুগ্ম আহ্বায়ক এ পি এম সুহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেন। সুহেল হাসপাতালে ভর্তি আছেন। কয়েক দফা মারধরের শিকার আরেক যুগ্ম আহ্বায়ক তুহিন ফারাবীকে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। তুহিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এবং সুহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এ ছাড়া হামলায় আহত নুরুলের ভাই আমিনুর হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন।
