
ফাতেহ ডেস্ক:
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তিনি আহত হন। রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হিরো আলম।
সোমবার বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলা চালানো হয়।
এ ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, আমি সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকাল ৩টা পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।
হাসপাতালের কাস্টমার কেয়ার ইনচার্জ খুশবু বলেন, হিরো আলম আমাদের এখানে চিকিৎসা নিচ্ছেন জরুরি বিভাগ। তবে তিনি হাসপাতালে ভর্তি হননি। তার চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হিরো আলমের ওপর হামলার পর পুলিশ বাঁশি বাজিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ সন্দেহজনক হিসেবে দুইজনকে আটক করেছে বলে জানা গেছে। আটকদের একজনের নাম শেখ শহীদুল্লাহ বিল্পব। অপর ব্যক্তির নাম সানোয়ার গাজী।
