ভোটকে কেন্দ্র করে ফের সুবর্ণচরে ধর্ষণ, গৃহবধূর আত্মহত্যা

ফাতেহ ডেস্ক

কয়েকটি ঘটনা ঘটার পর আবারও সেই নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ধর্ষণের শিকার এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। স্বামীর সঙ্গে স্থানীয় নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে ধর্ষণের শিকার হয়েছেন গৃহবধূ। পরে বিষপান করে আত্মহত্যা করেন তিনি।

গতকাল শুক্রবার রাতে ইউনিয়নের চর মাকসুম গ্রামে ধর্ষণের ঘটনার পর শনিবার সকালে ওই নারী বিষপান করেন। পরে দুপুরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার আলাউদ্দিন ঘরে ঢুকে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। এর মধ্যে তার স্বামী বাড়িতে ঢুকে পড়লে স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে আলাউদ্দিনকে আটক করে।

একপর্যায়ে পার্শ্ববর্তী ওয়ার্ডের নুরু মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ রাতেই ধর্ষককে মারধর করে ৬০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে সকালে নির্যাতনের শিকার গৃহবধূ বিষ পান করলে তাকে পরিবারের লোকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত গৃহবধূর পরিবারের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে ওই গৃহবধূর স্বামী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর আনারস প্রতীকের ভোট করাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থিত আলাউদ্দিন গৃহবধূকে ধর্ষণ করেছে। পরে বিষপান করে আত্মহত্যা করেন তিনি।

আগের সংবাদফের ভারত-পাকিস্তানের গুলি বিনিময়, নিহত ৪
পরবর্তি সংবাদইয়েমেনে প্রতি ৫ জনের মধ্যে ৪ জনের সাহায্যের প্রয়োজন