ভোলার শহীদদের উগ্রবাদী বলল ডেইলি স্টার

ফাতেহ ডেস্ক :

ভোলায় নবিজিকে কটূক্তি করার প্রতিবাদে আয়োজিত সমাবেশে আসা মুসল্লি এবং পুলিশের আক্রমণে নিহত শহীদদের ‘ধর্মীয় উগ্রপন্থী জনতা’ বলে অভিহিত করেছে ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’। নিরস্ত্র উত্তেজিত জনতার ওপর নির্বিচারে গুলি চালানো নিয়ে যখন নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তৈরি হচ্ছে, তখন ডেইলি স্টারের এমন শিরোনামে তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড সমর্থনের অভিযোগ উঠছে।

হেফাজতের ঢাকা মহানগরী শাখার উদ্যোগে ভোলা হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ বিষয়ে শর্ট নোট দিতে গিয়ে এই পরিভাষা ব্যবহার করেছে ‘দ্য ডেইলি স্টার’। ফেসবুক পেইজে তারা সমাবেশের খবর দিতে গিয়ে লিখেছে, ‘ভোলায় পুলিশের সঙ্গে ধর্মীয় উগ্রপন্থী জনতার সংঘর্ষের চারজন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনায় বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম।’

কিন্তু পরবর্তীতে বিভিন্ন চাপে পত্রিকাটি তাদের ভাষা বদলাতে বাধ্য হয়। প্রথম খবর প্রকাশ করার ১০ মিনিট পর তারা পরিবর্তন করে লিখে, ভোলায় পুলিশের সঙ্গে ‘তৌহিদী জনতা’র সংঘর্ষের চারজন নিহত এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম।’

অনলাইন এক্টভিস্টরা বলছেন, এর মাধ্যমে হলুদ সাংবাদিকতার এক নিকৃষ্ট দৃষ্টান্ত উপস্থাপন করল ‘দ্য ডেইলি স্টার’। তাদের মতে, ডেইলি স্টার নাগরিক অধিকারের প্রশ্ন না তুলে ভিক্টিমদের ‘অপরাধী’ বানানোর অপচেষ্টায় রত। তারা বলছেন, এর জন্য ডেইলি স্টারের ক্ষমা চাওয়া উচিত।

আগের সংবাদমিয়ানমারে ফিরে গেছে ২৯ রোহিঙ্গা, জানে না বাংলাদেশ
পরবর্তি সংবাদহিন্দুদের বাড়ি-ঘর ও প্রতিমা কি মুসলমানেরা ভাঙছে? পিনাকী ভট্টাচার্যের বিশ্লেষণ