
আন্তর্জাতিক ডেস্ক
মক্কা নগরীর হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত ‘ওকাজ মেলা’ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। বাদশাহ সালমানের উদ্বোধন করার কথা থাকলেও এবার তা উদ্বোধন করবেন মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সাল। খবর আল আরাবিয়া ডটনেটের।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের মন্ত্রী, কূটনীতিকগণসহ সৌদি আরবের জেনারেল অথরিটি ফর ট্যুরিজম এন্ড কালচারের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং পর্যটন মৌসুমের জন্য গঠিত কমিটির চেয়ারম্যান আহমদ আল-খতিব উপস্থিত থাকবেন।
ওকাজ মেলা যদিও প্রাক ইসলামি যুগে নৈতিকতা ও সামাজিক কুসংস্কারের চরম সীমায় পৌঁছে গিয়েছিল, তথাপিও সে সময় ওকাজ মেলায় বশত কবি-সাহিত্যিকদের আসর। সে সাহিত্য পরিষদে প্রকাশ পেতো অনেক প্রশংসনীয় চারিত্রিক গুণ।
সে সময় সাহিত্য পাঠ, কবিতা আবৃত্তি, বাগ্মিতা এবং কাব্যপ্রেম ছিল অনত্যম। মূলত এ কবিতা আবৃত্তি ও বাগ্মিতাকে কেন্দ্র করেই মক্কার অদূরে অবস্থিত ওকাজ নামক স্থানে এ মেলার সূচনা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে তা ছিল ওকাজ মেলা নামে পরিচিত হয়েছিল।
সে সময় ওকাজ মেলায় কবিতা ও সাহিত্যের যে আসর বসত, তার ওপর কবি ও সাহিত্যিকদের বিজয়ী ঘোষণা করে সে জন্য পুরস্কার বিতরণ করা হতো। বিজয়ীদের কবিতা ও সাহিত্যগুলো বর্তমান সময়ের দেয়ালিকার মতো পবিত্র কাবা ঘরে দেয়ালে ঝুলিয়ে রাখা হতো।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ)-এর বরাতে জানা যায়, আজ মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সাল ওকাজ মেলার উদ্বোধন করবেন। হারিয়ে যাওয়া জাতীয় ঐতিহ্য রক্ষা এবং আরব সভ্যতা, কবিতা, সাহিত্য কলা, সংস্কৃতি এবং ইসলামের ইতিহাসের প্রতি প্রিন্স খালিদ আল-ফয়সালের গভীর নজর রয়েছে।
কালচারাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আল-খতিব বলেন, এবারের ওকাজ মেলা অতীতের মতো নয় বরং এবারের এ উৎসবের উপস্থিতি সংখ্যা নতুন রেকর্ড তৈরি করবে।
এবারের মেলায় বিভিন্ন শিল্পকলা প্রদর্শনের পাশাপাশি আরব বিশ্বের সংস্কৃতি ও সৌদি আরবের বৈশিষ্ট্যযুক্ত খাবারগুলিও সরবরাহ করা হবে। আজকে শুরু হওয়া এ মেলায় আরবের ১১টি দেশের শিল্পীরা অংশগ্রহণ করবেন।
এ ছাড়াও ইয়ুথ অফ এক্সিলেন্স, ফারসান ওকাজ, ভাষা আর্ট গ্যালারী, সংগীত গ্যালারী, বাড়ি তৈরির প্রদর্শনী, হোটেল ক্যাফে ও ২৮০০ লোকের বসার ক্ষমতা সম্পন্ন একটি বিশাল থিয়েটারও থাকবে এ মেলায়।
