মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক

পহেলা বৈশাখ নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে এবার কঠোর নজরদারি থাকবে সরকারের। পাশাপাশি নববর্ষে রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় থাকবে কড়া নিরাপত্তা। আগের কয়েক বছরের মতো এবারো মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরায় বিধিনিষেধ থাকছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে দুপুরে বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

পহেলা বৈশাখের নিরাপত্তা নিয়ে বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে রাজধানীসহ সারাদেশে বর্ষবরণ উৎসব নির্বিঘ্ন করতে বেশ কিছু সিদ্ধান্ত হয়।

আলোচনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাশকতার কোনো হুমকি না থাকলেও পহেলা বৈশাখে রাজধানীতে জনসমাগমস্থলসহ গুরুত্বপূর্ণ জায়গায় জোরদার করা হবে নিরাপত্তা। সিসিটিভি ক্যামেরায় নজরদারির পাশাপাশি চলবে বিশেষ তল্লাশি। ইভটিজিং ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত থাকবে বলেও জানান মন্ত্রী।

মঙ্গল শোভাযাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু সিদ্ধান্তও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণের সব আয়োজন সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আগের সংবাদবাঘাইছড়ি হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান, গোলাগুলিতে নিহত ১
পরবর্তি সংবাদব্রুনাইয়ে সমকামীকে পাথর নিক্ষেপ, ডাকাতের হাত কাটার ঘোষণা