মন্দিরের পয়সা আনতে গিয়ে পদপিষ্ট মানুষ, নিহত ৭

ফাতেহ ডেস্ক

ভারতের তামিলনাড়ুতে একটি মন্দিরে পদপিষ্ট হয়ে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার থুরায়ুর শহরের কাছে কারুপাস্বামী মন্দিরে ‘চিত্রা পূর্ণিমা’ উৎসবে পয়সা বিতরণকালে এ দুর্ঘটনাটি ঘটে। পরে আহতদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তামিলনাড়ু পুলিশ গণমাধ্যমকে জানায়, কারুপাস্বামী মন্দিরে ‘চিত্রা পূর্ণিমা’ উৎসবে পয়সা বিতরণকালে এ দুর্ঘটনাটি ঘটে। উৎসবের সময় পুরোহিতরা পয়সা বিতরণ শুরু করলে লোকজনের ধাক্কাধাক্কিতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। নিহতদের মধ্যে ৪ জন নারী রয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

যারা হিন্দু ধর্মের অনুসারী তারা বিশ্বাস করেন- মন্দিরের পয়সা ঘরে যত্ন করে রাখলে আয়-রোজগার বাড়ে। পরিবারের সবার সাথে ভালো সম্পর্ক বিরাজ করে। আর্থিক অবস্থার উন্নতি হয়। এ বিশ্বাস নিয়ে অনেকেই ভিড় করেন এই পয়সা বিতরণ অনুষ্ঠানে।

এদিকে, তামিলনাড়ুর এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে হতাহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি অনুদান ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়াও শোক জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। তিনি নিহতদের জন্য এক লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি অনুদান ঘোষণা করেছেন।

আগের সংবাদসৌদি আরবে সন্ত্রাসী হামলায় নিহত ৪
পরবর্তি সংবাদচলতি মাসে রেকর্ড ছাড়াবে গরম, বৃষ্টি হবে না