মসজিদুল আকসার পার্শ্ববর্তী কবরস্তান গুড়িয়ে দিয়েছে ইজরাইল

Jerusalem, Al-Yusufiye Cemetery,

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেরুসালেমে মসজিদুল আকসার কাছে এক মুসলিম কবরস্তান গুড়িয়ে দিয়েছে ইজরাইলের জেরুসালেম মিউনিসিপ্যালিটি।

রোববার জেরুসালেমের পুরনো শহরের আল-ইউসুফিয়া কবরস্তানটির বেশ কিছু কবর ধ্বংস করে মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ। প্রাচীরঘেরা পুরনো শহরের দেয়ালঘেঁষে থাকা এই কবরস্তানটি জেরুসালেমের অন্যতম পুরনো কবরস্তান।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে কমিশন ফর প্রটেকশন অব মুসলিম গ্রেভসের এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমদ আল-দাজানি বলেন, ইজরাইলি প্রত্নতাত্ত্বিক বিভাগকে আদালত কবরস্তানের কাছাকাছি এলাকায় অনুসন্ধান চালানোর অনুমতি দিয়েছে। ধ্বংস হওয়া কবরগুলো ওই মুসলিম ফিলিস্তিনিদের যারা ১৯৪৮ থেকে ১৯৬৭ সালের মধ্যে ইজরাইলিদের সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন।

তিনি আরো বলেন, ইজরাইলি প্রশাসনের অধীন জেরুসালেম মিউনিসিপ্যালিটি আল-ইউসুফিয়া কবরস্তানের কাছে একটি পার্ক তৈরিরও পরিকল্পনা করছে।

১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর জেরুসালেম শহরের পশ্চিম অংশ দখল করে নেয় ইজরাইলি বাহিনী। পরে ১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইজরাইল যুদ্ধের পর মসজিদুল আকসাসহ পূর্ব জেরুসালেম ইজরাইল দখল করে নেয়। আন্তর্জাতিক আইনে অধিকৃত ভূমি হিসেবে বিবেচিত হলেও ১৯৮০ সালে ইসরাইল শহরটিকে একীভূত করে নেয় এবং অখণ্ড জেরুসালেমকে ইজরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করে। বিভিন্ন সময় শহরটিতে থাকা ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইজরাইলি ইহুদিদের শহরে আবাসনের প্রচেষ্টা চালিয়ে আসছে ইজরাইলি কর্তৃপক্ষ।

সূত্র : আনাদোলু এজেন্সি

আগের সংবাদরাজারবাগ পীরের আবেদন খারিজ করে দিয়েছে আদালত
পরবর্তি সংবাদডেঙ্গুতে আজ মৃত্যু ২