মসজিদের লকডাউন তুলে নিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পাকিস্তান সরকার মসজিদে জামাতের সাথে নামাজ আদায়ে মুসল্লিদের প্রবেশের ওপর আরোপিত নিয়ন্ত্রণ প্রত্যাহার করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ডন।

আজ রবিবার পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলাবির সাথে নেতৃস্থানীয় ধর্মীয় ব্যক্তিবর্গ সাক্ষাৎ করেন। আলোচনায় তারা রমজান মাসে মসজিদে বিশেষ-ব্যবস্থা গ্রহণে একমত হন।

মসজিদ থেকে কার্পেট সরিয়ে ফেলা, মুসল্লিদের ব্যক্তিগত জায়নামাজ ব্যবহারে উৎসাহিত করা, মসজিদের ভেতর কথাবার্তা না বলা, পরষ্পর মুসাফাহা ও মুয়ানাকা না করা, মাস্ক ব্যবহার করা, পরষ্পর দুই মিটার দূরত্ব বজায় রেখে নামাজে দাড়ানো এবং বৃদ্ধ ও অসুস্থদের মসজিদে না আসার মতো বিভিন্ন শর্ত ও নির্দেশনা দিয়েছে সরকার।

মসজিদের বড় করিডোরে তারাবির নামাজের অনুমতি দেয়া হলেও মসজিদের ভেতর ইফতারি, সেহরি ও ইতেকাফ না করার নির্দেশনা দেয়া হয়। তবে বাড়িতে তারাবির নামাজ আদায়ের জন্য উৎসাহিত করা হয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে যে, মসজিদ কর্তৃপক্ষ পুলিশের সাথে আলোচনার মাধ্যমে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়ন করবে। অবশ্য উল্লিখিত নির্দেশনা পালনে ত্রুটি দেখা দিলে সরকার অনুমতি প্রত্যাহার করার অধিকার রাখবে বলে সতর্কও করেছে নির্বাহী প্রশাসন।

আগের সংবাদক্ষমতার জন্য দেশ বিক্রি : মুসলিম শাসকদের গাদ্দারির সিলসিলা
পরবর্তি সংবাদশাইখুল হাদিস আল্লামা আব্দুল আলিম আল-হুসাইনি আর নেই