
ফাতেহ ডেস্ক:
এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিতাসের কর্মকর্তা ও কর্মচারীসহ আটজনকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই রিমান্ড আদেশ দেন।
এর আগে একই দিন ৮ আসামিকে আদালতে হাজির করে তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধান।
এর আগে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডির ডিআইজি মাইনুল হাসান তিতাসের কর্মকর্তা ও কর্মচারীসহ আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালে শহরের তল্লা বাইতুস সালাম মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা ৩০ থেকে ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের অনেকেই দগ্ধ ও আহত ছিলেন। পরে আহতদের শহরের ভিক্টোরিয়া হাসপাতাল ও ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তবে বাকি মুসল্লিদের অবস্থা আশঙ্কাজনক।
