মসজিদে বিস্ফোরণ: নাশকতার আশঙ্কা শামীম ওসমানের

ফাতেহ ডেস্ক:

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনাকে নাশকতামূলক বলে আশঙ্কা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বিস্ফোরণের ঘটনায় তিনি ঊর্ধ্বতন পর্যায়ে তদন্তের দাবি করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদ পরিদর্শনে এসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, আমি এ ঘটনাটি নাশকতামূল বলে আশঙ্কা করছি। কারণ গ্যাস জমে ৪৫ জন মানুষ পুড়ে ফেলবে এটা সম্ভব না। এসি আমাদের অনেকের বাড়িতে আছে। এসি বিস্ফোরণ হলে বাইরে হবে। কারণ এর গ্যাস চেম্বার বাইরে থাকে। দ্বিতীয়ত, গ্যাস সংযোগ দেখলাম গেইটের সামনে। সেখান থেকে গ্যাস ভিতরে ঢুকবে না। আমার প্রশ্ন হচ্ছে স্পার্ক করলে কে? বা আগুনটা জ্বালালো কে? মসজিদে তো আগুন ধরানোর মত কেউ নেই।

তিনি বলেন, যারা মৃত্যুবরণ করেছেন তারা তো শহীদের দরজা পেয়েই গেছেন। আমি দেশবাসীর কাছে অনুরোধ করবো, যারা বিছানায় কাতরাচ্ছে তাদের জন্য দোয়া করবেন। এছাড়া প্লাস্টিক, রাসায়নিক বা এসকল ঘটনা তদন্তে যারা অভিজ্ঞ লোক তাদের এই ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হোক। আমি মনে করি এ ঘটনাটি আরও নজর দেওয়া দরকার।

উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালীন অবস্থায় বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মসজিদের ভেতর থাকা অধিকাংশ ব্যক্তি দগ্ধ হন। সর্বশেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত ১৭ জন মারা গেছেন।

আগের সংবাদনারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদতিতাসের লোভের বলি মসজিদের মুসল্লিরা!