
ফাতেহ ডেস্ক
নরসিংদীর শিবপুরে মহাসড়কে বিকল হয়ে যাওয়ার সুযোগে বাসযাত্রী মা ও তার মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
১৫ মার্চ সন্ধ্যায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর বাসস্ট্যান্ড এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো শিবপুর উপজেলার সৃষ্টিঘর এলাকার আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও আব্দুল বারেকের ছেলে শফিক (২৫)। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও নির্যাতনের শিকার মা-মেয়ের সঙ্গে থাকা স্বজনরা জানান, মা-মেয়েসহ ৫ নারী স্বজন বাসযোগে ঢাকা থেকে সিলেটের হবিগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন। শুক্রবার সন্ধ্যায় বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিঘর বাসস্ট্যান্ডের অদূরে বিকল হয়ে যায়। এসময় গ্রেপ্তার হওয়া দুই আসামিসহ স্থানীয় ৬ আসামি অন্য বাসে উঠিয়ে দেয়ার কথা বলে মা-মেয়েকে ফুসলিয়ে স্থানীয় একটি জুটমিলের পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে দুটি কক্ষে তাদের আটক করে গণধর্ষণ করে আসামিরা।
এসময় নির্যাতনের শিকার মা-মেয়ে ডাক-চিৎকার শুরু করলে আসামিরা পালিয়ে যায়। পরে তারা সৃষ্টিঘর বাসস্ট্যান্ডে গিয়ে সঙ্গে থাকা স্বজনদের খোঁজে পেয়ে স্থানীয়দের ঘটনা জানায়। খবর পেয়ে রাতেই শিবপুর থানা পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা পুলিশি জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার মা ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেফতার দুই আসামিকে শনিবার ১৬ মার্চ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
নির্যাতনের শিকার মা-মেয়েকে ডাক্তারী পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। মামলায় অভিযুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
