
ফাতেহ ডেস্ক
গতকাল ১৭ই মার্চ সিলেটের অপহৃত মেধাবী আলেম মাওলানা আব্দুল্লাহ মায়মুনের সন্ধান চেয়ে সিলেটের প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিসহ মাওলানা আব্দুল্লাহ মায়মুনের বড়ভাই মাওলানা আব্দুল্লাহ মুস্তাফিজ।
তিনি লিখিত বক্তব্য পাঠ করে প্রশাসনের কাছে আকুতি জানান তাঁর ভাইকে উদ্ধারে প্রশাসন যেন সর্বাত্মক চেষ্টা করে।

উল্লেখ্য যে, মাওলানা আবদুল্লাহ মায়মুন মেধাবী তরুণ আলেম এবং মাদরাসাশিক্ষক। নারায়ণগঞ্জের একটি মাদরাসায় হাদিসের অধ্যাপনা করতেন। মা-বাবা লন্ডন থাকেন। নতুন বিয়ে করেছেন।গত ০৫/০৩/১৯ তারিখে নববধূকে নিয়ে সিলেট থেকে প্রাইভেট কারে বেড়াতে যাচ্ছিলেন মৌলভীবাজারে অবস্থিত মামাবাড়িতে। পথিমধ্যে গাড়ির গ্যাস নেওয়ার জন্য ঢাকা-সিলেট মহাসড়কের আউসকান্দি এলাকায় একটি গ্যাসপাম্পে গাড়ি থামান। গ্যাস নিয়ে কিছুদূর এগোতেই একটি হাইএস মায়মুনের গাড়ির গতিরোধ করে। এবং অস্ত্রের মুখে মায়মুন ও তাঁর ড্রাইভারকে নিয়ে হাইএসটি উধাও হয়ে যায়।
গত ৫ মার্চ মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করে গ্যাসপাম্পের সিসিক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ তদন্ত শুরু করেছে। কিন্তু ঘটনার তেরদিন পরেও পুলিশ এর কোন হদিস করতে পারেননি। গত ১১ তারিখে কোনো এক অজ্ঞাত ব্যক্তি তার ভাই মাওলানা আব্দুল্লাহ মুস্তাফিজকে ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করেন। তিনি পর্যায়ক্রমে বহুবার আইনের দুয়ারে ধর্ণা দিয়েও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রকার আইনি সহায়তা পাননি।
কে বা কারা অপহরণ করল, সে ব্যাপারে ধারণা পাচ্ছে না কেউ। মাওলানা আব্দুল্লাহ মায়মুনের পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধব চরম দুশ্চিন্তায় সময় পার করছেন। প্রশাসনের উচ্চ পর্যায়ের আন্তরিক সহযোগিতা প্রার্থনা করছেন তাঁরা।
