মাওলানা মামুনুল হকের দ্বিতীয় বিয়ে বৈধ ছিল: আদালতে ছেলের সাক্ষ্য

ফাতেহ ডেস্ক:

মাওলানা মামুনুল হকের দ্বিতীয় বিয়ে বৈধ ছিল বলে জানিয়েছেন বাদী জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমান।

মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে মামলার বাদীর ছেলে আব্দুর রহমান ও সোনারগাঁওয়ের সাংবাদিক এনামুল হক বিদ্যুতের সাক্ষ্যগ্রহণ করা হয়।

মাওলানা মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন জানান, সাক্ষী আব্দুর রহমান বলেছে তার বাবার সঙ্গে তার মায়ের বিচ্ছেদ হয়ে যায়। এরপর তার মা মাওলানা মামুনুল হককে বৈধভাবে বিয়ে করেন। এতে করে স্পষ্টভাবে প্রমাণ হয় মামুনুল নির্দোষ। এ মামলা থেকে তিনি খালাস পাবেন। আব্দুর রহমান সাক্ষী দেওয়ার পর আদালতে তার নিরাপত্তা চেয়েছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সাক্ষ্যগ্রহণের জন্য নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছিল মাওলানা মামুনুল হককে। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় মাওলানা মামুনুল হককে। একইসঙ্গে আদালতপাড়াজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

আগের সংবাদনতুন সেনাপ্রধান নিয়োগ দিলেন এরদোগান
পরবর্তি সংবাদবৃহস্পতিবার মাধ্যমিক স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা