মাগুরায় প্রকাশ্যে কলেজছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা

ফাতেহ ডেস্ক

মাগুরায় প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন হয়েছেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এক ছাত্র। রবিবার (৭ জুলাই) দুপুরে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম লিসানুর রহমান লিসান (১৭)। সে সদর উপজেলার মঠবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রবিবার দুপুর ১টার দিকে লিসান তার সহপাঠী দিপু এবং হাসানকে সঙ্গে নিয়ে শিবরামপুর এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে শহরের দিকে ফিরছিল। পথে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ওই গ্রামের টিপু মিয়ার ছেলে সোহেল তাদের মোটরসাইকেল থামিয়ে লিসানকে ছুরিকাঘাত করে। এ সময় বাধা দিতে গেলে বন্ধু দিপুও গুরুতর আহত হয়। ঘটনার পর তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে দুপুর দেড়টার দিকে লিসানের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এলাকাবাসী বা পুলিশ সঠিক কোনো কারণ জানাতে পারেনি।

তবে এলাকাবাসী জানায়, হামলাকারী সোহেলের বাবা টিপু অতীতে যশোরের এমএম কলেজ এলাকায় বসবাস করতেন। সেখানে বিভিন্ন অপরাধ কর্মের সঙ্গে তারা জড়িয়ে পড়েন। যে কারণে পনের থেকে বিশ বছর আগে তিনি সেখান থেকে লুকিয়ে মাগুরা এসে শিবরাপুরে বসাবাস শুরু করেন। কিন্তু এখানেও পরিবারটি নানা বিরোধে জড়িয়ে পড়েছে।

নিহত লিসানের বাবা রফিকুল ইসলাম বলেন, আমার ছেলের সঙ্গে কারও কোনো বিরোধের কথা কখনো শুনিনি। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পরপর পুলিশের সবকটি শাখা সক্রিয় করা হয়েছে। আশা করছি খুব দ্রুত হত্যাকারীকে আটক করা সম্ভব হবে।

উল্লেখ্য, লিসানের হত্যাকাণ্ড নিয়ে গত এক সপ্তাহে মাগুরায় মোট তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার পাড়য়ারকুল গ্রামে ইমন নামে মাগুরা টেকনিক্যাল কলেজের এক শিক্ষার্থী এবং পরদিন সদর উপজেলার কুকিলা গ্রামে আল আমিন নামে অপর এক কিশোরকে গলাকেটে হত্যা করা হয়। এই দুটি হত্যাকাণ্ডের পর রবিবার নতুন করে আরও এক কিশোরকে হত্যায় মাগুরায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আগের সংবাদঅনিরাপদ প্রাইভেট মাদরাসা : যেভাবে ধর্ষকরা সুযোগ নিচ্ছে
পরবর্তি সংবাদআসামে নরবলি দানকালে পুলিশের অভিযান, বলির জন্য আনা কন্যাশিশু উদ্ধার