মাগুরায় ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের আক্রমণে ১ মুসল্লি নিহত

মাগুরায় ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের আক্রমণে ১ মুসল্লি নিহত

ফাতেহ ডেস্ক :

ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে ফেরার পথে জমি নিয়ে বিরোধের জেরে মুক্তার মোল্লা (৫০) নামের এক ব্যক্তি প্রতিপক্ষের লোকজনের অতর্কিত আক্রমণে নিহত হয়েছেন। মাগুরার মহম্মদপুর উপজেলার শিবরামপুর এলাকায় শনিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৫জন আহত এবং বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৮জনকে আটক করেছে।

নিহতের স্ত্রী মাজেদা বেগম জানান, তার স্বামী মুক্তার মোল্লা ভোরে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের অতর্কিত হামলায় মারাত্মকভাবে জখম হন। পরে মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ৫ জন আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সকাল ১০টার দিকে নিহতের লোকজন হামলা করলে প্রতিপক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে গেলে আয়ুব মৃধার বাড়িতে অগ্নিসংযোগ-লুটপাটসহ কয়েকটি বাড়িঘর ভাংচুর করে।

মহম্মদপুর থানার ওসি তারেক বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে গ্রামের সামাজিক দলের মাতববর আক্তার বিশ্বাস ও জাফর বিশ্বাসের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল তারই ধারাবাহিকতায় এ হত্যাকান্ড ঘটতে পারে। এ ঘটনায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত ইট ভাটা শ্রমিক মুক্তার মোল্ল্যা ঐ গ্রামের জাফর বিশ্বাসের সর্মথক।

আগের সংবাদরোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি বান কি মুনের ‘অনুরোধ’
পরবর্তি সংবাদপ্রথম আলো কার্যালয়ের সামনে ইসলামী ছাত্র খেলাফতের মানববন্ধন