
ফাতেহ ডেস্ক
দেশের মাটিতে তৈরি ও সরবরাহ যেন হতে না পারে সেজন্য মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে–এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার, রাজধানীর কুর্মিটোলায় র্যাব-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে যোগ দিলে প্রথমেই প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়।
এ সময় জঙ্গিবাদবিরোধী অভিযান ও সামাজিক সচেতনতা তৈরিতে র্যাব-এর ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘র্যাব-এর প্রতিটি সদস্য সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ভেজালবিরোধী অভিযান দক্ষতার সাথে পরিচালনা করছে।’ এছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত করাসহ র্যাব’র বিভিন্ন কাজের প্রশংসা করেন শেখ হাসিনা।
দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতা রাজনৈতিক দলকে প্রতিহত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় এবং মানবাধিকার ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে বিশেষভাবে নজর রাখতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত তারা আত্মসর্মপণ করলে, সরকার তাদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করবে।’ এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলে বিনিয়োগ বৃদ্ধি পায় এবং উন্নয়ন তরান্বিত হয় বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতে, শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়া এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
