
বাংলাদেশে মরণনেশা মাদকের সহজলভ্যতা এবং তার ভয়াবহ প্রতিক্রিয়া বিষয়ে আলোচনা কয়েক বছর ধরেই অব্যাহত আছে। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কঠোর বার্তাও দেয়া হয়েছে অনেকবার। দেশের আলেম উলামাও মাদকের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করে আসছেন সবসময়। কিন্তু অতীতে এই ভয়াবহ মহামারির প্রবণতা মোকাবিলায় কার্যকর কোনো ধরনের সাফল্য অর্জিত হয়নি। বিগত বছরগুলোতে অন্য যেকোনো মাদকের চেয়ে ইয়াবার ব্যবহার বেড়েছে তার সহজলভ্যতার কারণে; প্রায়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাজার হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে বলেও খবর দেখা যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০১৭ সালে চার কোটি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। সংবাদপত্রের নিয়মিত প্রতিবেদনের বাইরে অনুসন্ধানী প্রতিবেদনগুলোতে যে চিত্র উঠে এসেছে, তা কেবল সমস্যার ভয়াবহতাই নয়, এর সঙ্গে যুক্ত কারা এবং কীভাবে তাঁরা তাঁদের এই বাণিজ্য অব্যাহত রাখতে সক্ষম হচ্ছেন, সেগুলোও সুস্পষ্টভাবে বলা হয়েছে।
এই রকম একটা প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ‘মাদকের বিরুদ্ধে অভিযান কিন্তু শুরু হয়ে গেছে’। মনে হচ্ছে সরকার সুনির্দিষ্টভাবে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে কৌশল নির্ধারণ করেই মাদকবিরোধী অভিযান শুরু করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং র্যাবকে বিশেষ দায়িত্ব দিয়েছি। যেখানেই মাদক, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সেই কঠোর ব্যবস্থা নিচ্ছি।’ প্রধানমন্ত্রী গত জানুয়ারি মাসে পুলিশকে এবং ৩ মে র্যাবকে জঙ্গিবিরোধী অভিযানের মতোই মাদকের বিরুদ্ধে অভিযানে নামতে নির্দেশ দেন।
গত কয়েক দিনে মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চলছে। আমরা মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে চলমান অভিযানকে স্বাগতম জানাই । আর যারা মাদক ব্যবসায়ীদের পক্ষে অবস্থান নিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানাই।
মাদকের বিরুদ্ধে অভিযান চালানো অপরিহার্য । সেই সাথে মাদক ব্যবসায়ীরা যাঁদের আনুকূল্যে এই ব্যবসা চালাতে পারছেন, তাঁদের বিষয়েও কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরী। এই ধরনের মরণ নেশার ব্যবসার রাজনৈতিক আশ্রয়দাতাদের বিষয়ে সরকার কঠোর হতে না পারলে এখন যাঁদের দ্বারা ব্যবসা পরিচালিত হচ্ছে, তাঁদের বিকল্প তৈরি হতে বেশি সময় লাগবে না। ফলে সমস্যা থেকে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
