
সরাইল প্রতিনিধি: ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, দূর্বল আইন দিয়ে মাদকমুক্ত দেশ গড়া সম্ভব নয়। মাদক কারবারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাশ করতে হবে। তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে শাস্তি দিতে হবে। তিনি বলেন, জীবন বিধ্বংসী মাদক, সর্বনাশা ইয়াবা দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। মাদকের নেশায় মত্ত যুব ও ছাত্র সমাজের সোনালী ভবিষ্যত ধ্বংসের ধারপ্রান্তে উপণিত। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রতিনিয়ত মাদক কারবারীরা গ্রেফতার হচ্ছে, বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে। তিনি বলেন, মাদকের অভিশাপ থেকে ছেলেমেয়েদের বাঁচাতে পিতা-মাতাকেও সচেতন হতে হবে। সন্তান কার সাথে মেলামেলা, উঠবস করছে সেদিকে খেয়াল রাখতে হবে। আলেম-উলামা, ইমাম-খতীবদেরকে মাদকের ভয়াবহতা সম্পর্কে বেশি বেশি বয়ান করতে হবে।
৩১ মে বৃহস্পতিবার বাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় স্থানীয় উচালিয়া পাড়া মাদরাসায় উপজেলা ইসলামী ঐক্যজোট আয়োজিত আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে আলোচনায় প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা আবুল হাসানাত আমিনী এসব কথা বলেন।
মাওলানা হাসানাত আমিনী আরো বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোট সারা দেশে ৩০০ আসনে মিনার প্রতীকে অংশ নেবে। জনগণের সেবা ও আমার পিতা আল্লামা মুফতী আমিনী রহ.-এর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে বাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।
সভার প্রধান অতিথি ইসলামী জোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, মুফতী আমিনী রহ. ছিলেন নির্লোভ, নির্মোহ, দেশ সচেতন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর অভাব আমরা পদে পদে অনুভব করি। ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান আরো বলেন, আমরা সমাজে পরিবর্তন দেখতে চাই। মানুষের জান-মালসহ মৌলিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই। ইসলামী ঐক্যজোট সেই লক্ষে কাজ করে যাচ্ছে।
সরাইল উপজেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা মেরাজুল হক কাসেমীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা রিয়াজতুল্লাহ, জেলা সাধারণ সম্পাদক হাফেজ ইদ্রিস, মাওলানা বুরহান উদ্দিন কাসেমী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম, মুফতী এনামুল হাসান, মাওলানা মেহেদী হাসান, হাজী ইসহাক, মাওলানা মু. জহির, মু. হাবিবুর রহমান, হাফেজ মেহেদী হাসান, মাওলানা এরশাদুল্লাহ কাসেমী, গাজী মাহফুজ মাদানীসহ উপজেলা ঐক্যজোট, যুব খেলাফত ও ছাত্র খেলাফতের দায়িত্বশীলগণ।
