
ফাতেহ ডেস্ক:
মাওলানা মামুনুল হকসহ তিন নেতাকে হাটহাজারী থানার পাঁচ সহিংসতা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বাকি দুজন হলেন আল্লামা জুনায়েদ আল হাবিব ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এই তিনজন গ্রেফতার হয়ে, একাধিক মামলায় কারাগারে রয়েছেন।
আজ বুধবার এ আদেশ দেন চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের ভার্চুয়াল আদালত।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের সদর কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির। তিনি বলেন, ‘মামুনুল হকসহ কারাগারে থাকা হেফাজতের তিন নেতাকে হাটহাজারীর সহিংসতার ঘটনায় দায়ের হওয়া পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। আজ (বুধবার) শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে, গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন।’
