
ফাতেহ ডেস্ক
মার্কিন বাহিনীকে সন্ত্রাসী বাহিনী হিসেবে চিহ্নিত করে এবার বিল পাস করেছে ইরানের পার্লামেন্ট। আজ মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এ বিল পাস করা হয়।
বিলে পশ্চিম এশিয়ায় তথা মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে (সেন্টকম) সন্ত্রাসী বাহিনী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমেরিকান সরকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী বাহিনী হিসেবে কালো তালিকাভুক্ত করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিলো তেহরান।
স্থানীয় গণমাধ্যম পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সংসদে (মজলিসে শুরায়ে ইসলামি) পাস হওয়া এ সংক্রান্ত বিলটির পক্ষে ১৭৩ ভোট পড়ে। এর বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র ৪ জন সংসদ সদস্য। আর ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ১১ জন।
বিলটিতে বলা হয়েছে, সেন্টকমের পাশাপাশি যেসব সংস্থা ও সংগঠন এই বাহিনীর অধীনে কাজ করবে সেগুলোর সব ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে চিহ্নিত হবে।
এতে আরো বলা হয়েছে, আইআরজিসি বা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য আর্থিক, সামরিক, গোয়েন্দা, প্রযুক্তিগত, নির্বাহী বা আইনগত সহযোগিতাকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে বিবেচনা করা হবে।
