মার্কিন হামলায় হামজা বিন লাদেনের মৃত্যু, নিশ্চিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন মার্কিন হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, হামজা বিন লাদেন আল কায়দার শীর্ষ পর্যায়ের সদস্য এবং ওসামা বিন লাদেনের ছেলে আফগানিস্তান বা পাকিস্তান এলাকায় যুক্তরাষ্ট্রের চালানো এক সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত হয়েছেন।

তিনি আরও জানান, হামজা বিন লাদেনের মৃত্যু আল কায়দার জন্য গুরুত্বপূর্ণ নেতৃত্বপদে শূন্যতা তৈরি করবে এবং তার বাবার সঙ্গে হামজার প্রতীকী যোগাযোগের জায়গাটাও তার মৃত্যুতে ধাক্কা খাবে। শুধু তাই নয়, তার মৃত্যুতে দলের গুরুত্বপূর্ণ কার্যক্রমও বাধাগ্রস্ত হবে।

এর আগে আগস্টে মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার এক মার্কিন সংবাদমধ্যমকে দেয়া সাক্ষাত্‍কারে লাদেনের ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে যুক্তরাষ্ট্রই তাকে হত্যা করেছে কিনা, সে ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ৩০ বছর বয়সী হামজার হদিশ দিতে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে হোয়াইট হাউস। একই সঙ্গে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবেও ঘোষণা করা হয়। মনে করা হতো, হামজা বিন লাদেন তার পিতা ওসামা বিন লাদেনের সম্ভাব্য উত্তরসূরী। এছাড়া গত বছরের নভেম্বরে তার নাগরিকত্ব বাতিল করে দেয় সৌদি আরব।

আগের সংবাদকাবা শরিফের কালো গিলাফের অজানা ইতিহাস
পরবর্তি সংবাদব্রাজিলে ঘণ্টায় ধর্ষণের শিকার হচ্ছে চারজন কিশোরী