মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির ছেলে আবদুল্লাহ’র মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মিসরের সাবেক প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে আবদুল্লাহ মুরসি মারা গেছেন। বুধবার রাতে আকস্মিক হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। কায়রোর দক্ষিণে গিজার ওসিস হাসপাতালে মারা যান তিনি। এর আগে গত জুনে তার বাবার মৃত্যুর ফলে তিনি স্বাস্থ্য সঙ্কটে ভুগছিলেন।

মুরসির দ্বিতীয় পুত্র আহমেদ জানান, তার ছোট ভাই আবদুল্লাহ গাড়ি চালাচ্ছিলেন এবং হঠাৎ করেই তার শরীরে ঝাঁকুনির সৃষ্টি হয়। তিনি তাকে তাতক্ষণিক হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ।

মুরসি পরিবারের আইনজীবী আবদেল মোনেম আবদেল মাকসুদ এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র আবদুল্লাহ হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন।

এর আগে চলতি বছরের ১৭ জুন আদালতে শুনানি চলাকালীন হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ মুরসি। রাজধানী কায়রোর পূর্বাঞ্চলীয় নাসার শহরে তাকে দাফন করা হয়। অনেকটা গোপনেই তার দাফন সম্পন্ন করা হয়েছিল।

মুরসির মৃত্যুর পর তার পরিবারের বিভিন্ন বিষয়ে বাইরের লোকদের সঙ্গে কথা বলার দায়িত্ব ছিল আবদুল্লাহ মুরসির ওপরেই। পরিবারের মুখপাত্র হিসেবেই দায়িত্ব পালন করছিলেন তিনি। তার বাবার মৃত্যুর জন্য তিনি নিরাপত্তা কর্মকর্তাদেরই দায়ী করে আসছিলেন।

আল জাজিরার মিশর বিষয়ক সম্পাদক আবদেল ফাত্তাহ ফয়েদ বলেছেন, ‘আবদুল্লাহ সবচেয়ে ঘন ঘন বন্দী হতেন কারণ তিনি বিচারের সময় এবং কারাগারে উপস্থিত থাকাকালীন শাসনকর্তার সবচেয়ে বেশি সমালোচক এবং তার পিতা ও তার প্রতিরক্ষার সর্বাধিক সমর্থনকারী ছিলেন।’

২০১২ সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ মুরসি। এর মাত্র এক বছরের মাথায় সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারান তিনি। এরপরেই মুরসিসহ তার দল মুসলিম ব্রাদারহুডের বেশ কিছু নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। ওই সেনা অভ্যত্থানের পর থেকেই তারা একাধিক মামলায় এখনও কারাভোগ করছেন। মুরসিকেও জীবনের শেষ দিনগুলো কারাগারেই কাটাতে হয়েছে।

রাকিব/

আগের সংবাদ‘বিদেশি’দের জন্য আসামে বন্দিশিবির নির্মাণ শুরু, খরচ হবে ১০০০ কোটি রুপি
পরবর্তি সংবাদদেশে ফিরেছেন ৮২ হাজার ১৭৮ জন হাজি